পাসওয়ার্ড শেয়ার বন্ধ করবে নেটফ্লিক্স!

১৩ মার্চ, ২০২১ ১২:১৯  
ব্যবহারকারীদের পাসওয়ার্ড শেয়ার বন্ধ করতে পরীক্ষামূলক ভাবে অভিযান শুরু করেছে নেটফ্লিক্স। এরই অংশ হিসেবে পাসওয়ার্ড শেয়ার করেন এমন কিছু নেটফ্লিক্স বাবহারকারিকে সতর্কও করেছে মার্কিন এ স্ট্রিমিং জায়ান্ট। ওই সতর্ক বার্তায় সরাসরি ব্যবহারকারীদের ডিভাইসের পর্দায় লিখে দিয়েছিল, “আপনি যদি এ অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বসবাস না করে থাকেন, তাহলে দেখার জন্য আপনার নিজস্ব অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে।” পরে নেটফ্লিক্সের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “যাদের অনুমোদন রয়েছে, তারাই যে শুধু নেটফ্লিক্স ব্যবহার করছে সেটি নিশ্চিত করার কথা মাথায় রেখেই পরীক্ষাটি সাজিয়েছিলাম আমরা।” পরীক্ষায় ব্যবহারকারীকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে কোড পাঠিয়েছিল নেটফ্লিক্স। ওই কোড দিয়ে অ্যাকাউন্ট যাচাই করতে হয়েছে ব্যবহারকারীদের। এভাবেই নেটফ্লিক্স অ্যাকাউন্ট মালিকানার প্রমাণ দিতে হয়েছে ব্যবাহারকারীদের। অবশ্য সামনে পুরো নেটওয়ার্কেই নেটফ্লিক্স পরীক্ষাটি চালাবে কি না তা এখনও অজানা। নেটফ্লিক্স, এইচবিও গো, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস – প্রতিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মেই একই অ্যাকাউন্টের মধ্যে একাধিক প্রোফাইল তৈরির সুযোগ রয়েছে। তবে, শর্তাবলীতে বলে রাখা হয়েছে শুধু বাসার অভ্যন্তরের সদস্যরাই ব্যবহার করতে পারবেন এক অ্যাকাউন্টের একাধিক প্রোফাইল।